রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, সে বিষয়ে জনগণ স্পষ্ট জবাব চায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে জনগণের আদালতে বিষয়টি তুলে ধরতে হবে বলেও জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন সময় ও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে তাঁর সংগঠনকেও বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, দুনিয়ার অর্জনই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়; বরং আখিরাতকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনায় রেখে একজন মুমিনের জীবন পরিচালনা করা উচিত। সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডেও এই আদর্শের প্রতিফলন থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে নৈতিকতা, আদর্শ এবং দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। পাশাপাশি সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা সন্ত্রাসের জায়গা তৈরি না হয়, সেটিই জনগণের প্রত্যাশা।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *