যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ উন্নয়ন অর্থায়ন সংস্থা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসি জানায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। পাশাপাশি এসব উদ্যোগ যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখবে।
সংস্থাটির মতে, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ সম্প্রসারিত হবে। বিশেষ করে অর্থায়নের ঘাটতি ও বিনিয়োগ ঝুঁকির কারণে পিছিয়ে থাকা গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়তা পাওয়া সহজ হতে পারে।
ডিএফসি আরও জানিয়েছে, অর্থায়ন ও ঝুঁকি প্রশমনের বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জন্য জরুরি সেবা ও সুযোগ-সুবিধার পরিসর বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সংস্থাটি মনে করে, অনেক উন্নয়নমুখী ও বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় প্রকল্প পর্যাপ্ত অর্থায়নের অভাব কিংবা বিনিয়োগ ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের বাধা দূর করে প্রকল্পগুলো এগিয়ে নিতে ডিএফসির অর্থায়ন ও অন্যান্য সহায়তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এ যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। এ ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা উভয় দেশের সমৃদ্ধি বাড়াবে।
ডিএফসি জানায়, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল একাধিক অর্থনীতির উপস্থিতির কারণে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বেসরকারি পুঁজি কাজে লাগানো এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করাই ডিএফসির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে আঞ্চলিক বাজারে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়াতেও কাজ করছে সংস্থাটি।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *