LaraMag - Laravel News / Magazine Multilingual System

Header
collapse
...
Home / জাতীয় / জুলাই হত্যাকাণ্ডের বিচার: ছয় মামলায় ৬১ জন দণ্ডিত, আরও ২৩ মামলা বিচারাধীন

জুলাই হত্যাকাণ্ডের বিচার: ছয় মামলায় ৬১ জন দণ্ডিত, আরও ২৩ মামলা বিচারাধীন

Aug 05, 2026  প্রতিদিন বাংলা  16 views
জুলাই হত্যাকাণ্ডের বিচার: ছয় মামলায় ৬১ জন দণ্ডিত, আরও ২৩ মামলা বিচারাধীন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত দুইটি ট্রাইব্যুনালের রায়ে ছয়টি মামলায় মোট ৬১ জন বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদের সাজা রয়েছে। তবে সাজাপ্রাপ্তদের উল্লেখযোগ্য একটি অংশ এখনও পলাতক।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বর্তমানে আরও ২৩টি মামলা বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপে রয়েছে। এসব মামলায় অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য কার্যক্রম চলছে। একই সঙ্গে ৩৭টি অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে সেসব মামলায়ও আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে।

প্রসিকিউশন জানিয়েছে, মোট ৫৯০টি অভিযোগ জমা পড়ার পর যাচাই-বাছাই শেষে ১০৯টি অভিযোগ তদন্তের জন্য পাঠানো হয়েছে। যেসব তদন্ত শেষ হয়েছে, সেগুলোর বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয়। এ লক্ষ্যে ২০২৪ সালের ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পরবর্তীতে বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়।

ট্রাইব্যুনালে শুধু জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট ঘটনাই নয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, হত্যা ও ক্রসফায়ারের অভিযোগও বিচারাধীন রয়েছে।

এ পর্যন্ত ঘোষিত ছয়টি রায়ের মধ্যে ট্রাইব্যুনাল-১ তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১৫ জনের বিরুদ্ধে রায় দিয়েছে। অপরদিকে ট্রাইব্যুনাল-২ তিনটি মামলায় ৪৬ জনকে দণ্ডিত করেছে। দুই ট্রাইব্যুনালের রায়ে মোট ৪১ জন সাজাপ্রাপ্ত আসামি এখনও পলাতক বলে জানানো হয়েছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগে তিনটি এবং পরে আরও তিনটি মামলার বিচার শেষ হয়েছে। তার ভাষ্য, আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তুলনামূলক স্বল্প সময়ে এসব মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে।

তিনি জানান, চলতি মাসেই আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মাহবুব উল আলম হানিফ, যাত্রাবাড়ীর বহুল আলোচিত তাইম হত্যা মামলা এবং জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলাসহ একাধিক মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে আগামী এক বছরের মধ্যে অধিকাংশ বিচার সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাশাপাশি গুম, ক্রসফায়ার এবং বহুল আলোচিত অন্যান্য হত্যাকাণ্ডের বিচারও অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

ছয় মামলার রায়ে উল্লেখযোগ্য দণ্ড

এ পর্যন্ত ঘোষিত রায়গুলোর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড, চানখাঁরপুল হত্যাকাণ্ডে কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, রামপুরা ও আশুলিয়ার আলোচিত হত্যা মামলায় একাধিক মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় এবং কুষ্টিয়ার একটি হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy