রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফ্লাইওভার এবং প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে ২০০টির বেশি চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, নাশকতা প্রতিরোধ ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সন্দেহজনক যানবাহন, বিশেষ করে মোটরসাইকেলের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট ও পিকেট ডিউটি বাড়ানোর পাশাপাশি রাতভর যানবাহনে তল্লাশি চালানো হয়েছে।
ডিএমপির ৫০টি থানার পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে। নগরীর প্রধান প্রবেশপথগুলোতেও বাড়ানো হয়েছে নজরদারি।
নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত থানা মোবাইল, ফুট ও মোটরসাইকেল টহলের পাশাপাশি বিশেষ অভিযানও চালানো হচ্ছে। নাশকতা ও গুরুতর অপরাধ প্রতিরোধে ডিবি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মাঠে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা ও সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে কাফরুল থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনার পর রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *