আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান দাবি করেছেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময় সাড়ে চার হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের শিকার হয়েছেন এবং ৭০০-এরও বেশি মানুষ গুমের ঘটনায় নিখোঁজ হয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে লাখো মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছিল।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে আইনমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি আন্দোলনে আহত ব্যক্তিদের এবং গত ১৬ বছরে বিভিন্ন আন্দোলনে নিহত, গুম ও নির্যাতনের শিকারদেরও স্মরণ করেন।
বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েক হাজার মানুষ স্থায়ীভাবে আহত হয়েছেন। তার দাবি, অনেকেই হাত, পা কিংবা চোখ হারিয়েছেন এবং অনেকে এখনো শরীরে গুলির ক্ষত নিয়ে জীবনযাপন করছেন।
আইনমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে চলা বৈষম্য, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে শিল্প-সংস্কৃতির কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে জুলাই আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে সংগঠনটির কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার সঙ্গে আন্দোলনের চেতনাকে যুক্ত করার উদ্যোগকে তিনি সময়োপযোগী বলে উল্লেখ করেন।
ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বেরও প্রশংসা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আবৃত্তিচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তব্যে আবৃত্তিশিল্পীদের আইনি স্বীকৃতির বিষয়েও স্মৃতিচারণ করেন তিনি। জানান, আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে দেশের শিল্প-সংস্কৃতির স্বীকৃত ধারার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান। এতে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, শিরিন সুলতানা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবৃত্তিশিল্পী, শিশু-কিশোর এবং সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *