LaraMag - Laravel News / Magazine Multilingual System

Header
collapse
...
Home / খেলাধুলা / ফুটবল / মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব বোর্দো, নতুন মালিকানায় ফেরার স্বপ্ন

মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব বোর্দো, নতুন মালিকানায় ফেরার স্বপ্ন

Aug 06, 2026  প্রতিদিন বাংলা  7 views
মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব বোর্দো, নতুন মালিকানায় ফেরার স্বপ্ন

ফ্রান্সের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব এফসি বোর্দো ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে মালিকানা পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। দীর্ঘদিনের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ক্লাবটিকে টিকিয়ে রাখতে ব্রিটিশ বিনিয়োগ প্রতিষ্ঠান স্পার্টা ক্যাপিটাল এবং মার্কিন কোম্পানি পার্ক বেঞ্চ যৌথভাবে প্রতীকী মূল্য মাত্র ১ ইউরোতে ক্লাবটির মালিকানা গ্রহণ করেছে।

ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক বছর ধরে চলা আর্থিক সংকট, ঋণের বোঝা এবং জাতীয় প্রতিযোগিতা থেকে বাদ পড়ার আশঙ্কার প্রেক্ষাপটে এই মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মাধ্যমে ২০২১ সাল থেকে বোর্দোর মালিক হিসেবে দায়িত্ব পালন করা ব্যবসায়ী জেরার্ড লোপেজ-এর অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে। চুক্তির অংশ হিসেবে তিনি ক্লাবের কাছে নিজের পাওনা অর্থ ছাড়াও ভবিষ্যতে আর্থিক অবস্থার উন্নতি হলে নির্ধারিত অর্থ ফেরত পাওয়ার সম্ভাব্য দাবিও প্রত্যাহার করেছেন।

একসময় ফরাসি ফুটবলের অন্যতম সফল ক্লাব বোর্দো সাম্প্রতিক বছরগুলোতে কঠিন সময় পার করছে। ২০০৮-০৯ মৌসুমে সর্বশেষ লিগ ওয়ানের শিরোপা জয়ের পর ধীরে ধীরে অবনতি শুরু হয়। ২০২২ সালে তারা শীর্ষ লিগ থেকে অবনমিত হয় এবং এরপর আর সর্বোচ্চ পর্যায়ে ফিরতে পারেনি।

ফরাসি ফুটবলের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ক্লাবটির প্রায় ৪০ মিলিয়ন ইউরো আর্থিক ঘাটতির তথ্য তুলে ধরে। পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে ওঠে যে, প্রায় ৮৭ বছর পর বোর্দো তাদের পেশাদার ক্লাবের মর্যাদা হারায়। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ক্লাবের যুব উন্নয়ন কার্যক্রম এবং জাতীয় প্রতিযোগিতা থেকে বাদ পড়ার ঝুঁকিও তৈরি হয়।

নতুন মালিকপক্ষ ক্লাবটির পুনর্গঠনের লক্ষ্যে প্রায় ১১ মিলিয়ন ইউরো তহবিল গঠন করেছে। এই অর্থ মৌসুম পরিচালনা, দৈনন্দিন ব্যয় নির্বাহ এবং বিচার বিভাগীয় পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করা হবে।

স্পার্টা ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ফ্রাঙ্ক টুইল ইতালির ক্লাব এসি মিলানের সাবেক বোর্ড সদস্য। অপরদিকে পার্ক বেঞ্চের মালিক জেমস বোর্ড ইউরোপের আরও কয়েকটি ফুটবল ক্লাবের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মালিকানা পরিবর্তনের ফলে বোর্দোর সামনে নতুন সম্ভাবনার দ্বার খুললেও ক্লাবটির প্রতিযোগিতামূলক ভবিষ্যৎ এখনো নির্ভর করছে চলমান আপিলের ফলাফলের ওপর। জাতীয় প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে ফরাসি অলিম্পিক ও স্পোর্টস কমিটির রায়ের অপেক্ষায় রয়েছে ক্লাবটি।

ইতিবাচক সিদ্ধান্ত এলে নতুন মালিকানার অধীনে আর্থিক পুনর্গঠনের পাশাপাশি বোর্দো আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে আসার সুযোগ পাবে।

১৮৮১ সালে প্রতিষ্ঠিত বোর্দো ফরাসি ফুটবলের অন্যতম ঐতিহাসিক ক্লাব। এই ক্লাব থেকেই ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। এছাড়া আলাঁ জিরেস, বিসেন্টে লিজারাজু, ক্রিস্তফ দুগারি এবং ইয়ান গুরকুফের মতো তারকা ফুটবলাররাও এই ক্লাবের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন।


Share:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy