যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গলফকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সম্প্রতি নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাবে আয়োজিত সিনিয়র ও সুপার সিনিয়র ক্লাব চ্যাম্পিয়নশিপে নিজেকে বিজয়ী ঘোষণা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে গলফ ক্যারিয়ারের পুরোনো একটি বিতর্কিত ঘটনাও আবার সামনে এসেছে।
ট্রাম্প দাবি করেছেন, পার-৭২ কোর্সে ৭০ স্কোর করে তিনি নিজের ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। তবে তার এই দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ক্রীড়াঙ্গনের একাংশে প্রশ্ন উঠেছে।
বিশেষ করে ২০০৭ সালের ওয়েস্টচেস্টার মেনস ক্লাব চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ আবার আলোচনায় এসেছে। সে সময় ৬০ বছর বয়সী ট্রাম্পের প্রতিপক্ষ ছিলেন মাত্র ১৫ বছর বয়সী গলফার অ্যাডাম লেভিন।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের এক পর্যায়ে ট্রাম্প এগিয়ে থাকলেও শেষদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তোলেন। পরে লেভিন ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত খেলায় সমতা ফেরান এবং প্লে-অফে জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে লেভিন অভিযোগ করেন, ট্রাম্প তার সঙ্গে ক্রীড়াসুলভ আচরণ করেননি। তার দাবি, ট্রাম্প হাত মেলাননি কিংবা অভিনন্দনও জানাননি।
সম্প্রতি নিজের জয়ের ঘোষণা দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ব্যস্ত দায়িত্ব পালনের মাঝেও তিনি ৭০ স্কোর করে শিরোপা জিতেছেন এবং এটিকে নিজের প্রতিভার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
এদিকে ট্রাম্পের ওই দাবির পর ক্রীড়া বিশ্লেষক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ তার খেলার ভিডিও প্রকাশ করে স্কোর নিয়ে প্রশ্ন তোলেন। প্রকাশিত ভিডিওতে কয়েকটি শটের পারফরম্যান্স নিয়ে সমালোচনা দেখা যায়।
গলফ লেখক রিক রাইলিও দীর্ঘদিন ধরে ট্রাম্পের বিরুদ্ধে গলফে নিয়মভঙ্গ ও অসদাচরণের অভিযোগ করে আসছেন। তার বই Commander in Cheat-এ ট্রাম্পের গলফ খেলার নানা বিতর্কিত ঘটনার উল্লেখ রয়েছে। তবে ট্রাম্প এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন এবং রাইলির সমালোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
সাম্প্রতিক চ্যাম্পিয়নশিপের পরও ট্রাম্পের গলফ পারফরম্যান্স, আত্মপ্রশংসামূলক মন্তব্য এবং অতীতের বিতর্কগুলো নতুন করে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *