গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার সকাল থেকে রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে তাঁদের অবস্থানের পাশাপাশি সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গিয়ে অস্ত্র হাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা যায়। তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা সংগঠনটির টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন কমিটির পদে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁদের একজন জানান, ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে তাঁরা মাঠে নেমেছেন।
সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের পাটগাতী, গিমাডাঙ্গা ও কুশলী এলাকা ঘুরে একই ধরনের অবরোধ ও মহড়ার চিত্র দেখা যায়। পাটগাতী থেকে গিমাডাঙ্গার দূরত্ব প্রায় তিন কিলোমিটার এবং কুশলী প্রায় ছয় কিলোমিটার দূরে। এসব এলাকায় সড়ক অবরোধের ছবি তোলা গেলেও দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন নেতা-কর্মীরা। এ সময় ওই তিন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। এ ছাড়া খালেকবাজার, সিঙ্গিপাড়া ও মালেকবাজার এলাকাতেও সড়ক অবরোধ করা হয়েছে।
থানায় হামলা ও অগ্নিসংযোগের জেরে উত্তেজনা
এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় থানার ভেতরে থাকা পুলিশের নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বিজিবির একটি গাড়ি পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশ থেকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আটক হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানে ক্যারম খেলছিলেন এমন কয়েকজন স্থানীয় তরুণকেও আটক করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় লোকজন জড়ো হন। কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়েও লোকজনকে একত্র হওয়ার আহ্বান জানানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের একপর্যায়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর বিক্ষোভকারীরা আটক নেতা-কর্মীদের মুক্তি না দিলে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হন। পরে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার সময় প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে জানা গেছে।
সংসদ সদস্যের বাড়িসহ কয়েকটি স্থাপনায় আগুন
থানায় হামলার পর মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে যান। সেখানে প্রথমে ভাঙচুর ও লুটপাট করা হয়, পরে আগুন দেওয়া হয়। একই রাতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের সভাপতি সাহিদ ইমামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এস এম জিলানীর ভাই হায়দার আলী জানান, মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের চার থেকে পাঁচ শ নেতা-কর্মী মিছিল নিয়ে তাঁদের বাড়িতে আসেন। তাঁরা প্রথমে বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন, পরে আগুন ধরিয়ে দেন।
হায়দার আলীর অভিযোগ, হামলাকারীরা তাঁর ছোট বোনের ১০ ভরি এবং ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়েছে। পরে বাড়ির বিভিন্ন স্থানে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।
থানায় হামলা, একাধিক স্থাপনায় অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের ঘটনায় গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *