ইতালিতে হামলা ও শারীরিকভাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর দাবি, স্থানীয় একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সময় কয়েকজন তাঁকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন। একপর্যায়ে তাঁর সঙ্গে ধস্তাধস্তি এবং তাঁর মুঠোফোন ফেলে দেওয়ার ঘটনাও ঘটে বলে জানান তিনি।
ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন বাঁধন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং কয়েকটি ভিডিও প্রকাশ করেন।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মেস্ত্রে শহরের একটি পার্কে গিয়েছিলেন তিনি। সেখানেই একদল বাঙালির সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ও পরে শারীরিক হেনস্তার ঘটনা ঘটে।
অভিনেত্রীর অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় অবস্থানের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাঁর দাবি, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন।
বাঁধন আরও অভিযোগ করেন, তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়। এ সময় তাঁর বক্তব্য ও পরিস্থিতির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
নিজের ফেসবুক লাইভে বাঁধন বলেন, পরিবারের সঙ্গে পার্কে যাওয়ার পর কয়েকজন তাঁর সঙ্গে শারীরিকভাবে দুর্ব্যবহার করেন। তাঁর শরীরে পানি ও কোমল পানীয় ছুড়ে মারায় তিনি ভিজে যান। তাঁর দাবি, একপর্যায়ে তাঁর শরীরে হাত তোলা হয় এবং কানের পাশেও আঘাত করা হয়।
ঘটনার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তানও সেখানে ছিল। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির প্রসঙ্গ তুলে পরিস্থিতি থামানোর চেষ্টা করতে শোনা যায়। তবে ওই সময়ও উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত ছিল বলে ভিডিও ও বাঁধনের বক্তব্যে উঠে এসেছে।
বাঁধনের ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী। তাঁর দাবি, পুরো ঘটনাটি শুধু তাঁকে ঘিরেই সীমাবদ্ধ ছিল না; পরিবারের সদস্যরাও এর মধ্যে হেনস্তার শিকার হয়েছেন।
বাঁধন তাঁর বক্তব্যে বলেন, ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন না। বরং নিজেকে সেই আন্দোলনের অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে তাঁকে দমানোর চেষ্টা করলেও তিনি পিছিয়ে যাবেন না।
ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, একজন আজমেরী হক বাঁধনকে এভাবে দমিয়ে দেওয়া সহজ নয়। তাঁর ভাষ্য, বিদেশের মাটিতে বাংলাদেশের একজন শিল্পীকে এভাবে হেনস্তার ঘটনা দেশের ভাবমূর্তির জন্যও বিব্রতকর।
এদিকে বাঁধন তাঁর ভিডিও বার্তায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গও তোলেন। তিনি দাবি করেন, জয়ও ভেনিসে অবস্থান করছেন বলে তিনি জানতে পেরেছেন এবং তাঁর কাছেও ঘটনার বিষয়টি পৌঁছে দেওয়ার কথা বলেন।
বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে স্থান পেয়েছে। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
সিনেমাটির গুরুত্বপূর্ণ চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।
ইতালিতে ঘটে যাওয়া এই ঘটনার পর বাঁধনের প্রকাশিত ভিডিও ও বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। তবে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এবং স্থানীয় কর্তৃপক্ষের তদন্তের বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *