আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন। সংগঠনটির ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সদস্যদের নিয়ে সাত সদস্যের একটি সহায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত চিঠিটি বেসিসের প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের কাছে পাঠানো হয়েছে।
এর ফলে গত ৩০ জুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর বেসিসের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার স্বার্থে বেসিসে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি বিদ্যমান সদস্য তালিকা যথাযথভাবে যাচাই ও হালনাগাদ করা প্রয়োজন। এ প্রক্রিয়া সম্পন্ন করতে মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী বেসিসের সদস্যদের সমন্বয়ে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে।
নির্দেশনায় সহায়ক কমিটি গঠন করে দ্রুত নির্বাচন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।
এর আগে চলতি বছরের ২৭ জুন বেসিসের ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরে সংগঠনটির পক্ষ থেকে নতুন করে নির্বাচনী তফসিল ও আচরণবিধি ঘোষণা করা হয়।
সর্বশেষ তফসিল অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের নির্বাচনে বেসিসের ১১টি পরিচালক পদে মোট ২৬ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ২৯ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকাও প্রকাশ করেছিল নির্বাচন বোর্ড।
নতুন করে তফসিল বাতিল হওয়ায় পূর্বনির্ধারিত প্রক্রিয়া আর কার্যকর থাকছে না। এখন সদস্য তালিকা যাচাই ও হালনাগাদের পর সহায়ক কমিটির মাধ্যমে পরবর্তী নির্বাচন কার্যক্রম কীভাবে এগোয়, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।
দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম প্রধান বাণিজ্য সংগঠন বেসিসের নেতৃত্ব নির্বাচনের বিষয়টি নিয়ে সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে দীর্ঘদিন ধরেই আগ্রহ রয়েছে। নতুন নির্দেশনার পর নির্বাচন আয়োজনের প্রক্রিয়ায় আবারও পরিবর্তন এসেছে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *