ভারতের অর্থনীতির আকার আগামী ২০২৮-২৯ অর্থবছরের মধ্যেই ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সর্বশেষ পূর্বাভাসও এই সম্ভাবনার পক্ষে ইঙ্গিত দিচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের রাজ্যসভায় লিখিত জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের এপ্রিল ২০২৬ সংস্করণের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী, বর্তমান বাজারমূল্যে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ প্রায় ৫ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
তিনি বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সরকার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন খাতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদনশিল্পের সম্প্রসারণ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) শক্তিশালী করা, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল অর্থনীতির বিস্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আয়কর ও পণ্য ও সেবা কর (জিএসটি) ব্যবস্থা সহজীকরণ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নীতিতে উদারতা এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI), মেক ইন ইন্ডিয়া এবং পিএম গতিশক্তি কর্মসূচির বাস্তবায়ন অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বৈশ্বিক সক্ষমতা কেন্দ্র (GCC), ডিজিটাল জনপরিকাঠামো, সেমিকন্ডাক্টর, পরিচ্ছন্ন জ্বালানি ও জৈবপ্রযুক্তিভিত্তিক ওষুধশিল্পের মতো সম্ভাবনাময় খাতগুলোতেও বিনিয়োগ বাড়ানো হচ্ছে।
নির্মলা সীতারামন বলেন, সরকারের এসব নীতি ও সংস্কার কর্মসূচি শুধু ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনেই সহায়তা করবে না, বরং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে রাজ্যসভায় আরেকটি প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে ঋণ খেলাপি আদায়ে সারফায়েসি (SARFAESI) আইন-এর আওতায় ব্যাংকগুলো ২ লাখ ১৫ হাজার ৭০৯টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ১ লাখ ৩ হাজার ১৮০ কোটি রুপি আদায়ের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত ৩২ হাজার ৪৬৬ কোটি রুপি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *