যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। এ সময়ে মোট ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে এ প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেছে বাংলাদেশ ভয়েজ অ্যাপারেল। সংস্থাটির পর্যালোচনা অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানির পরিমাণ ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি কমেছিল ২ দশমিক ৪৪ শতাংশ। তবে আগস্ট থেকেই ঘুরে দাঁড়ায় রপ্তানি খাত। ওই মাসে প্রবৃদ্ধি হয় ১০ দশমিক ৫৩ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৭২ শতাংশ।
প্রথম চার মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের মাসিক গড় আয় হয়েছে প্রায় ৪১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ গড় ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। এ ছাড়া মাত্র চার মাসেই অর্জিত রপ্তানি আয় গত ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে মোট ৪৩৯ কোটি ডলারের পোশাক রপ্তানির ৩৭ দশমিক ৪ শতাংশের সমান।
এই সময়ে বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম একক দেশীয় বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে যুক্তরাজ্য। এ তালিকায় বাংলাদেশের শীর্ষ বাজার যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের পর রয়েছে স্পেন ও জার্মানি।
যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশটির ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর এবং যুক্তরাজ্যের নির্ধারিত ট্রানজিশন পিরিয়ড শেষ হলে বাংলাদেশ এনহ্যান্সড প্রেফারেন্সেস সুবিধার আওতায় যাবে। এ ব্যবস্থায় আমদানি করা কাপড় ব্যবহার করে তৈরি পোশাকও সিঙ্গেল-স্টেজ ট্রান্সফরমেশন নিয়মের আওতায় শুল্কমুক্ত সুবিধা পাবে।
রপ্তানিকারকদের মতে, এই বাণিজ্যিক সুবিধা বাংলাদেশের পোশাকশিল্পকে পণ্যে বৈচিত্র্য আনা এবং উচ্চমূল্যের পোশাক ও ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্য উৎপাদনে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। বিশেষ করে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকা প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবধান ধরে রাখতে এ সুবিধা গুরুত্বপূর্ণ হতে পারে।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত