গাড়ি কিংবা মোটরবাইক কেনাবেচার জন্য রাজধানীতে নতুন একটি মার্কেটপ্লেস চালু হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে ‘সুপার সেল কার বাজার’।
এ আয়োজনে ব্যক্তি মালিকানাধীন গাড়ি ও মোটরবাইক বিক্রির পাশাপাশি নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বিভিন্ন ধরনের যানবাহন কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সুপার সেল কার বাজারে’ বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি, মোটরসাইকেল এবং ইউটিলিটি ভেহিকেল প্রদর্শন ও কেনাবেচার জন্য রাখা হবে। ফলে একই স্থানে বিভিন্ন ধরনের যানবাহন দেখে তুলনা করার সুযোগ পাবেন আগ্রহী ক্রেতারা।
শুধু প্রদর্শন নয়, বাজারটিতে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সরাসরি লেনদেনের সুযোগও থাকবে। ব্যক্তি মালিকানাধীন নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার ব্যবস্থাও রাখা হচ্ছে।
উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু পার্টনারশিপে এই কার বাজারের আয়োজন করা হচ্ছে। এতে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ডের পাশাপাশি ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।
আয়োজকদের মতে, দেশের অটোমোবাইল খাতে ক্রেতাদের আগ্রহ ও চাহিদা দিন দিন বাড়ছে। এই বাড়তি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি আধুনিক ও সুবিধাজনক মার্কেটপ্লেস তৈরি করতেই ‘সুপার সেল কার বাজার’ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতি শুক্রবার একই ভেন্যুতে আয়োজনটি চলার ফলে গাড়ি বা মোটরবাইক কেনার আগ্রহীদের জন্য নিয়মিতভাবে বিভিন্ন মডেল ও দামের যানবাহন দেখার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যারা নিজেদের ব্যবহৃত গাড়ি বা মোটরসাইকেল বিক্রি করতে চান, তারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে যানবাহন উপস্থাপন করতে পারবেন।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত