রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জনতার হাতে আটক হয়ে মারধরের শিকার হওয়ার পর স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনকে জুলাই অভ্যুত্থানের একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।
রিপন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে। পরে আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত দীন ইসলাম বেপারী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই রাসেল সরদার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন দুপুর দেড়টার দিকে ছাত্রজনতা শাহবাগের উদ্দেশে মিছিল বের করলে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দীন ইসলাম বেপারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি হত্যা মামলা দায়ের করা হয়।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *