বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার করা অনুরোধ ভারতের প্রচলিত ও নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি তোলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের ফেরানোর বিষয়ে যা বলল ভারত
এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই সন্দেহভাজনকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর অনুরোধের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি আইনগত প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং এ ঘটনায় তদন্ত চলছে।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করে।
তারেক রহমান-দীনেশ ত্রিবেদীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে আলোচনার বিষয় জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এদিকে ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠকের খবর নিয়েও প্রশ্ন করা হয়।
জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ
আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানাবে কি না—এমন প্রশ্নেরও সরাসরি কোনো নতুন আমন্ত্রণের কথা জানাননি রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।
এ ছাড়া বঙ্গোপসাগরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক)-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত