রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে ও কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের বরাতে জানা গেছে, ঘটনার সময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে ছিলেন। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেন।
মরিয়ম খাতুনকে নিয়ে চলতি বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। পরে গাজী নজরুল ইসলাম প্রকাশ্যে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামী দলীয়ভাবে তদন্ত করে এবং ‘নৈতিক স্খলনের’ অভিযোগের কথা উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে।
এদিকে, মরিয়মের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত