রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানার আওতাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, ঢাকা মেট্রো-ব-১৩-০৬৬৫ নম্বরের রাজধানী পরিবহনের বাসটিতে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে আগুনে বাসটির সব আসন পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে এ ঘটনায় আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসটিতে অগ্নিসংযোগের পর পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত