কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে তাকে দেখা যায়। ফুটেজ অনুযায়ী, তারা সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল।
এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে এবং প্রায় ৩০ মিনিট পর সাড়ে ৭টার দিকে ফাহিমকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপ্রতিমের মৃত্যুর ঘটনা সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, তুহিন, আনাস ও ফাহিমকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ তার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
অপ্রতিমের মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আটক তিনজনের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত