পঞ্চগড়ে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শেষ হয়েছে। জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, বিতর্ক এবং কূটনৈতিক সমঝোতার অনুশীলন করেন শিক্ষার্থীরা। সম্মেলনে ১৪২টি দেশের প্রতিনিধির ভূমিকায় অংশ নেন তারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জমির উদ্দীন সরকার স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেষ দিনের কার্যক্রমের মধ্য দিয়ে ‘পিএমইউএন ২০২৬’ সম্মেলনের সমাপ্তি হয়। পঞ্চগড় পায়োনিয়ার্স এ সম্মেলনের আয়োজন করে।
শেষ দিনের বিভিন্ন অধিবেশনে ফাতিহা আয়াতের সভাপতিত্বে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও বিতর্ক করেন শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষার্থী নির্দিষ্ট একটি দেশের প্রতিনিধির ভূমিকায় থেকে সংশ্লিষ্ট দেশের অবস্থান তুলে ধরেন এবং বিভিন্ন সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে শরণার্থী সংকট, মানবাধিকার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যুসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জাতিসংঘের আদলে আলোচনা হয়। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রক্রিয়াতেও অংশ নেন শিক্ষার্থীরা।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক বিভিন্ন সংকট সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ, যুক্তিভিত্তিক চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা চর্চার সুযোগ পেয়েছেন।
সম্মেলন সম্পর্কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম হাসান তালুকদার বলেন, বাংলাদেশে এ ধরনের আয়োজন খুবই ব্যতিক্রমী। এটি একই সঙ্গে চ্যালেঞ্জিং ও প্রশংসনীয় একটি উদ্যোগ। যারা এ আয়োজনের সঙ্গে যুক্ত, তাদের উদ্যোগের প্রশংসা করেন তিনি।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে পরিচিত করা এবং আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কে ধারণা দেওয়াই ছিল সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। ‘পঞ্চগড় থেকে বিশ্বমঞ্চ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, পঞ্চগড়ের এসব তরুণ শিক্ষার্থী ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
দুই দিনের এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে আগ্রহ তৈরি এবং বৈশ্বিক সমস্যা সমাধানে কূটনৈতিক চিন্তার চর্চার সুযোগ তৈরি হয়েছে।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত