জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে শহীদ পরিবারের সদস্যদের উদ্যোগে এক স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফেনী শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে ‘আমরা জুলাই-২৪ শহীদ পরিবার’ সংগঠনের ব্যানারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। স্বাগত বক্তব্য দেন শহীদ ইকরাম হোসেন কাওসারের বাবা মাওলানা আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা জরুরি। তারা শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারেরও দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শহীদ সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং দায়ীদের দ্রুত বিচারের আহ্বান জানান।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ এস এম সোহরাব আল হোসাইন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
জুলাই যোদ্ধা সালমান হোসেন ও আবুল হাসান শাহীন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন। এছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন।
আলোচনা পর্ব শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত