পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। কয়েক ঘণ্টা পর এ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কারিগরি পরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হবে।
পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে পানি গরম করে বাষ্প তৈরি করা হয়। সেই বাষ্পের চাপে টারবাইন ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে। শুরুতে কেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে নেওয়া হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।
এরপরও কেন্দ্রটির নিরাপত্তা, কারিগরি কার্যকারিতা ও উৎপাদন সক্ষমতা যাচাইয়ে বিভিন্ন পরীক্ষা চলবে। পূর্ণ উৎপাদনক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক কার্যক্রমের সব ধাপ সম্পন্ন হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানিয়েছেন, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য গ্রিড প্রস্তুত রয়েছে। এ কার্যক্রমের সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান। তিনি বলেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।
এদিকে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি অংশ নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
চুক্তি অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানার মুখে পড়তে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় সময় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের ব্যয়ও বেড়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত