চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় সংঘটিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
চার্জ গঠনের সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ২৩ জন আসামি উপস্থিত ছিলেন। পলাতক ১৬ জন আসামির পক্ষে এবং কয়েকজন কারাবন্দি আসামির পক্ষে আইনজীবীরা আদালতে প্রতিনিধিত্ব করেন। আদালত আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার জানান, এই চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। মামলার তদন্তে এখনো ১৬ জন আসামি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ নতুন করে কয়েকজনকে অন্তর্ভুক্ত করে মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত চার্জশিট গ্রহণের পর সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। এই মামলাকে কেন্দ্র করে আইনজীবী মহলসহ চট্টগ্রামজুড়ে ব্যাপক আলোচনা চলছে।
Leave a comment
Your email address will not be published. Required fields are marked *