দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এ বিভাগে নতুন করে ২৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২২৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ২৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯ হাজার ৫৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১১১ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৩৮৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত কয়েক বছর ধরেই দেশে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে রয়েছে। ২০২৫ সালে সারা দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ওই বছর ৪১৩ জনের মৃত্যু হয়।
এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর এ রোগে মৃত্যু হয় ৫৭৫ জনের।
আর ২০২৩ সালে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
চলতি বছরও ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত