🔴 সর্বশেষ

প্রতিদিন বাংলা | সর্বশেষ বাংলা সংবাদ, জাতীয়, রাজনীতি, খেলাধুলা ও আন্তর্জাতিক খবর

Header
collapse
...

যেসব ছোট অভ্যাসে অগোছালো হয়ে যায় ঘর

সেপ্ট 08, 2026  Abdul Khalek Bhuiyan  115 views
যেসব ছোট অভ্যাসে অগোছালো হয়ে যায় ঘর

পরিপাটি ও পরিচ্ছন্ন ঘর শুধু দেখতে সুন্দরই নয়, এটি মানসিক প্রশান্তিও বাড়ায়। ঘরে দামি আসবাব না থাকলেও জিনিসপত্র সঠিক জায়গায় রাখা এবং নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস থাকলে পরিবেশ অনেক বেশি সুন্দর ও স্বস্তিদায়ক হয়ে ওঠে।

অন্যদিকে, কাপড় যেখানে-সেখানে ফেলে রাখা, ব্যবহৃত কাপ-প্লেট সরিয়ে না নেওয়া কিংবা ছোটখাটো জিনিস নির্দিষ্ট জায়গায় না রাখার মতো সামান্য কিছু অভ্যাসই ধীরে ধীরে পুরো ঘরকে অগোছালো করে তুলতে পারে।

ঘর গোছাতে প্রতিদিন দীর্ঘ সময় ব্যয় করারও প্রয়োজন নেই। বরং দৈনন্দিন জীবনের কয়েকটি অভ্যাস পরিবর্তন করলেই ঘর অনেক বেশি পরিপাটি রাখা সম্ভব।

চেয়ারে কাপড় জমিয়ে রাখবেন না
বাইরে থেকে ফিরে পোশাক খুলে চেয়ার বা সোফার ওপর রেখে দেওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। প্রথমে একটি-দুটি কাপড় থাকলেও কয়েক দিনের মধ্যে সেটিই বড় স্তূপে পরিণত হয়।

তাই পোশাক খোলার পরই সিদ্ধান্ত নিন সেটি ধোয়ার ঝুড়িতে যাবে, নাকি আবার পরা যাবে। পরিষ্কার পোশাক হলে ভাঁজ করে আলমারি বা নির্দিষ্ট স্থানে রাখুন।

পোশাকের জন্য নির্দিষ্ট জায়গা রাখুন
আলমারিতে পর্যাপ্ত জায়গা না থাকলে ঘরের কোনো সুবিধাজনক স্থানে ছোট র‌্যাক, হুক কিংবা হ্যাঙ্গার ব্যবহার করা যেতে পারে। প্রতিদিনের ব্যবহারের পোশাক সেখানে রাখলে সেগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা কমে।

কোনো জিনিসের নির্দিষ্ট জায়গা থাকলে ব্যবহার শেষে সেটি আবার সেখানে রাখার অভ্যাসও সহজে তৈরি হয়।

সকালে বিছানা গুছিয়ে নিন
দিনের শুরুতেই বিছানা গুছিয়ে নেওয়া ঘরকে পরিপাটি দেখানোর অন্যতম সহজ উপায়। অগোছালো বিছানা পুরো ঘরের পরিবেশকেই এলোমেলো মনে করাতে পারে।

ঘুম থেকে ওঠার পর চাদর ঠিক করে বালিশগুলো গুছিয়ে রাখুন। এতে খুব বেশি সময় লাগে না, কিন্তু ঘরের চেহারায় বড় পরিবর্তন আসে। একই সঙ্গে দিনের শুরুতেই একটি ছোট কাজ সম্পন্ন করার মানসিক স্বস্তিও পাওয়া যায়।

ছোট জিনিসের জন্য নির্দিষ্ট স্থান করুন
চাবি, রিমোট, কলম, চার্জার, প্রসাধনীসহ ছোটখাটো জিনিসের নির্দিষ্ট জায়গা না থাকলে ঘরের বিভিন্ন স্থানে সেগুলো ছড়িয়ে পড়তে থাকে।

এ জন্য ছোট বাক্স, ঝুড়ি, ড্রয়ার কিংবা ট্রে ব্যবহার করা যেতে পারে। ব্যবহারের পর প্রতিটি জিনিস নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে রাখলে টেবিল ও অন্যান্য স্থান অনেকটাই পরিষ্কার থাকবে।

ব্যবহারের পর জিনিস যথাস্থানে রাখুন
চা বা কফি খাওয়ার পর কাপ টেবিলে ফেলে রাখা, খাবারের প্লেট সরিয়ে না নেওয়া কিংবা খালি পানির বোতল জমিয়ে রাখার মতো ছোটখাটো অবহেলাই ঘর অগোছালো হওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায়।

সহজ একটি নিয়ম মেনে চলা যায়—যে জিনিস যেখানে থাকার কথা, ব্যবহার শেষে সেটি সেখানেই ফিরিয়ে রাখতে হবে। কাপ রান্নাঘরে, ব্যবহৃত বাসন নির্দিষ্ট স্থানে এবং আবর্জনা ময়লার ঝুড়িতে রাখার অভ্যাস করলে ঘর অনেক বেশি পরিচ্ছন্ন থাকবে।

ছোট অভ্যাসেই তৈরি হয় গোছানো ঘর
পরিপাটি ঘর তৈরির জন্য প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা পরিষ্কার করার প্রয়োজন নেই। বরং ছোট কাজগুলো জমিয়ে না রেখে সময়মতো করে ফেলাই সবচেয়ে কার্যকর উপায়।

কাপড় নির্দিষ্ট স্থানে রাখা, সকালে বিছানা গুছিয়ে নেওয়া, ছোট জিনিস এক জায়গায় রাখা এবং ব্যবহারের পর প্রতিটি জিনিস যথাস্থানে ফিরিয়ে দেওয়ার অভ্যাস করলে ঘর সহজেই গোছানো রাখা সম্ভব।

অগোছালো ঘর সাধারণত একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট অবহেলাই ধীরে ধীরে বিশৃঙ্খলা বাড়ায়। একইভাবে, প্রতিদিনের সামান্য যত্ন ও শৃঙ্খলাই একটি ঘরকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বস্তিদায়ক করে তুলতে পারে।


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy