🔴 সর্বশেষ

প্রতিদিন বাংলা | সর্বশেষ বাংলা সংবাদ, জাতীয়, রাজনীতি, খেলাধুলা ও আন্তর্জাতিক খবর

Header
collapse
...

কুড়িয়ে পাওয়া সবজি বিক্রিই যাদের বেঁচে থাকার অবলম্বন

সেপ্ট 08, 2026  প্রতিদিন বাংলা  191 views
কুড়িয়ে পাওয়া সবজি বিক্রিই যাদের বেঁচে থাকার অবলম্বন

রাজধানীর ব্যস্ত সবজির আড়তগুলোতে প্রতিদিন গভীর রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে আসে নানা ধরনের সবজি। পাইকারদের হাত ঘুরে এসব সবজি পৌঁছে যায় নগরীর বাজারগুলোতে। তবে ট্রাক থেকে ওঠানো-নামানোর সময় পড়ে যাওয়া কিছু সবজি হয়ে ওঠে রাজধানীর এক শ্রেণির নিম্নআয়ের মানুষের জীবিকার শেষ ভরসা।

রাতের আঁধারে আড়তের আশপাশে ঘুরে মাটিতে পড়ে থাকা সবজি সংগ্রহ করেন তারা। ভোর হলে সেই সবজি নিয়ে বসেন রাজধানীর বিভিন্ন ফুটপাত, অলিগলি কিংবা ব্যস্ত সড়কের পাশে। অল্প দামে বিক্রি হওয়ায় এসব দোকানে ক্রেতার সংখ্যাও কম নয়।

রাজধানীর বিভিন্ন ফুটপাতের সবজির দোকান ঘুরে দেখা যায়, সকাল থেকেই এসব দোকানে নিম্নআয়ের মানুষের ভিড়। তবে সাশ্রয়ী দামের কারণে মাঝেমধ্যে মধ্যবিত্ত পরিবারের লোকজনকেও এসব দোকান থেকে সবজি কিনতে দেখা যায়।

ফুটপাতের এসব দোকানে ঢেঁড়স, করলা, লাউ, কচুর লতি, মুলা, গাজর, বেগুন, শসা, পটোল, কাঁকরোলসহ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। সাধারণত পরিমাণ অনুযায়ী ছোট ছোট ভাগ করে সবজি বিক্রি করেন দোকানিরা। প্রতিটি ভাগার দাম রাখা হয় প্রায় ২০ টাকা।

এমনই একজন বিক্রেতা শারমিন আক্তার। নদীভাঙনে বরিশালের দৌলতপুরে বসতভিটা হারিয়ে সন্তানদের নিয়ে ঢাকায় আসেন তিনি। স্বামী মারা যাওয়ার পর সংসারের দায়িত্বও এসে পড়ে তার ওপর।

শারমিন জানান, গভীর রাতে আড়তে গিয়ে ট্রাক থেকে সবজি নামানোর সময় মাটিতে পড়ে যাওয়া সবজি তিনি কুড়িয়ে সংগ্রহ করেন। পরে সকালে সেসব সবজি নিয়ে ফুটপাতে বসে বিক্রি করেন। এই আয় দিয়েই বাসাভাড়া ও সন্তানদের খরচ চালানোর চেষ্টা করেন তিনি।

আরেক বিক্রেতা জোসনা বেগমের জীবনসংগ্রামও প্রায় একই রকম। রাতে আড়তে গিয়ে পাইকারদের সবজি নামানোর কাজে সহযোগিতা করেন তিনি। কখনো চা এনে দেন, কখনো অন্যান্য ছোটখাটো কাজে সহযোগিতা করেন। বিনিময়ে কিছু সবজি পান। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী কিছু সবজি কিনেও নেন। সকালে সেগুলো ফুটপাতে বিক্রি করেই চলে তার সংসার।

যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, শ্যামবাজারসহ রাজধানীর বিভিন্ন আড়তে গভীর রাত থেকে সবজিবাহী ট্রাক আসতে থাকে। ট্রাক থেকে পণ্য ওঠানো-নামানোর ব্যস্ততার মধ্যেই কিছু সবজি পড়ে যায়। দরিদ্র মানুষের একটি অংশ রাত থেকেই এসব আড়তের আশপাশে ঘুরে সেগুলো সংগ্রহ করেন।

কারও জীবনে নদীভাঙনের ক্ষত, কারও কাঁধে পরিবারের একমাত্র উপার্জনের দায়িত্ব, আবার কারও সামনে নেই নিয়মিত কাজের সুযোগ। এসব প্রতিকূলতার মধ্যেই কুড়িয়ে পাওয়া সবজি বিক্রি করে জীবনের চাকা সচল রাখছেন তারা।

যে সবজি কারও কাছে হয়তো ফেলে দেওয়া পণ্য, সেটিই এসব মানুষের কাছে পরদিনের খাবারের টাকা। রাতভর আড়তে পড়ে থাকা সবজি সংগ্রহ করে সকালে ফুটপাতে বিক্রি—কঠিন নগরজীবনে এভাবেই প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy